রাতে ঘরে ঢুকে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঘরে ঢুকে সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।১৭ জুন বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে। তিনি সিডার চর এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে সোহেল নিজ ঘরে একা ঘুমাতে যান। তার স্ত্রী নুপুর বেগম সন্তান প্রসবের পর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।গভীর রাতে হঠাৎ উঠানে শব্দ শুনে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। বাইরে বের হয়ে তারা দেখতে পান সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে জ্বলছে এবং উঠানে রক্তাক্ত অবস্থায় সোহেলের মরদেহ পড়ে আছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গভীর রাতে তাকে ঘুম থেকে ডেকে বাইরে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর হত্যাকাণ্ড আড়াল করতে মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।