• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৭:৫০ (05-May-2026)
  • - ৩৩° সে:
এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য

এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এনসিপি এবং সংগঠনটির কেন্দ্রীয় একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।৫ মে মঙ্গলবার বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্যদের সঙ্গে ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।এ উপলক্ষে সংগঠনটির নেতারা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবীবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক মো. মর্তূজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার।সংগঠনটির সভাপতি মো. সালমান হোসেন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সংগঠনের সব নেতাকর্মী সম্মিলিতভাবে এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, দীর্ঘ দেড় বছর ধরে তারা জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে ছোট সংগঠন হিসেবে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই বৃহত্তর পরিসরে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন ও সংস্কারে সরকারের অনীহা স্পষ্ট। এ কারণে সেই পরিবর্তনের আশাকে বাঁচিয়ে রাখতে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার বিকল্প নেই বলে তারা মনে করছেন।এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হওয়া আমাদের জন্য ইতিবাচক। বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষ দেশের স্বার্থে রাজনীতি করতে এনসিপিকে বেছে নিচ্ছে। আমরা সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর পাশাপাশি মানুষের সমস্যার সমাধানে কাজ করে যাবো।’