রায়পুরে ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।২৩ মে শনিবার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন তাদের আরও এক সহযোগী।গ্রেফতাররা হলেন- রায়পুর পৌরসভার মধুপুর এলাকার সজীব হোসেন (২২), লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার তাবারেক হোসেন ওরফে তারেক (২৫) এবং সদর উপজেলার দালাল বাজার এলাকার ইমন হোসেন (২২)।পুলিশ জানায়, রায়পুর থানার উপপরিদর্শক(এসআই)জসিম উদ্দিন ও এসআই মহিউদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাপুর ইউনিয়নের মাঝিগো বাড়ির পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় দুটি মোটরসাইকেলসহ সন্দেহভাজন তিন যুবককে গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন,‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার আলামতসহ আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’