স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আবারও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিনের চলমান মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দেন। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
৬ জুলাই সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। প্রায় চার মিনিট ধরে তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগ ও মানবিক বিপর্যয়ের বিষয়ে কথা বলেন।
হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।’
তিনি আরও বলেন, ‘কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।’
গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে মিশর কোচ বলেন, ‘আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই, ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা হোক।’
এর আগে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় ফিলিস্তিনিদের উৎসর্গ করেছিলেন হোসাম হাসান। ম্যাচ শেষে হাতে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকাও। সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ মানবিক একটি প্রতিক্রিয়া।’
৭ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি।
তবে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে ভীত নন বলে জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। আমরা সাত হাজার বছরেরও বেশি পুরোনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available