• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২৯:০৬ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ থেকে ইরানের বিদায়, ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

৩ জুলাই ২০২৬ সকাল ০৮:৩১:৩৯

বিশ্বকাপ থেকে ইরানের বিদায়, ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি ফেডারেল আদালতে ইরানি-আমেরিকান নাগরিক লোতফোল্লাহ কাওয়েহ আফরাসিয়াবি প্রায় ৯ কোটি ১০ লাখ ইরানির পক্ষে এ মামলা দায়ের করেছেন। মামলায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও বিবাদী করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর বরাতে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, মামলার মূল অভিযোগ মিসরের বিপক্ষে ইরানের ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তকে ঘিরে।

মামলায় দাবি করা হয়েছে, ম্যাচে ইরানের ডিফেন্ডার শোজায়ে খলিলজাদেহর করা একটি গোল অফসাইডের সিদ্ধান্তে বাতিল করা হয়, যা ছিল ‘স্পষ্ট বৈষম্যমূলক’ সিদ্ধান্ত। আফরাসিয়াবির ভাষ্য, গোলটি বহাল থাকলে ইরান ম্যাচটি জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে পারত।

আবেদনে আরও বলা হয়েছে, জাতীয় দলের বিরুদ্ধে এমন বৈষম্যমূলক আচরণের কারণে ইরান এবং ইরানি-আমেরিকান সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

৬৮ বছর বয়সী লোতফোল্লাহ কাওয়েহ আফরাসিয়াবি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের পারমাণবিক আলোচনা দলের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভিএআরের সিদ্ধান্তের পাশাপাশি বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে ইরান দলের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগও তুলেছেন তিনি। তার দাবি, টুর্নামেন্টের শুরুতে দলকে যুক্তরাষ্ট্রে রাতযাপনের অনুমতি দেওয়া হয়নি, প্রশিক্ষণ ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিতে হয়েছে এবং দলের ১১ সদস্যের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

আফরাসিয়াবির মতে, এমন পরিস্থিতিতে ইরানের জন্য সমান সুযোগ ও প্রস্তুতির পরিবেশ নিশ্চিত করতে ফিফার আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল। তিনি বলেন, মার্কিন সরকারের এসব পদক্ষেপ তাকে এবং ইরানের কোটি কোটি নাগরিককে গভীরভাবে অপমানিত করেছে।

মামলায় জয়ী হলে ক্ষতিপূরণের অর্থের একটি অংশ ইরানের তরুণদের ক্রীড়া উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন আফরাসিয়াবি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, ফিফার বিরুদ্ধে ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের এটি প্রথম মামলা নয়। এর আগে বিশ্বকাপের স্টেডিয়ামে ইরানের ইসলামি বিপ্লব-পূর্ব জাতীয় পতাকা প্রদর্শনের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলায় গত জুনে ক্যালিফোর্নিয়ার একটি আদালত ফিফার পক্ষে রায় দেন। ফিফার নীতিমালা অনুযায়ী, বিশ্বকাপের স্টেডিয়ামে রাজনৈতিক বার্তা বা প্রতীক প্রদর্শন নিষিদ্ধ।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us