স্পোর্টস ডেস্ক: ২০১৪ বিশ্বকাপ থেকে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ধারাবাহিকভাবে সঠিক পূর্বাভাস দিয়ে আলোচনায় আসা জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের ২০২৬ বিশ্বকাপ–সংক্রান্ত একটি ভবিষ্যদ্বাণী এবার ম্যাচের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তার গাণিতিক মডেল অনুযায়ী, শেষ ৩২ এর লড়াইয়ে জাপানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার কথা ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
২৯ জুন সোমবার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে জাপান এগিয়ে গেলে ক্লেমেন্টের সেই পূর্বাভাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। প্রথমে ক্যাসেমিরো সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দেয় এবং নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।
ব্রাজিলের নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেমেন্টকে কটাক্ষ করেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর তিনি লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট... পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’
ক্লেমেন্টের গাণিতিক মডেলে ফুটবলের প্রচলিত পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ বিভিন্ন অপ্রচলিত ভেরিয়েবল ব্যবহার করে বিশ্বকাপে দলগুলোর সম্ভাবনা মূল্যায়ন করা হয়।
গত ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে নেদারল্যান্ডসের শিরোপা জয়ের পূর্বাভাস দেওয়া হয়। একই সঙ্গে ব্রাজিলকে এবারের আসরের সবচেয়ে বড় হতাশার দল হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। তবে নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রত্যাবর্তনের জয় সেই পূর্বাভাসের প্রথম বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available