• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫২:১৫ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

কুরাসাওয়ের গোলরক্ষক রুখে দিল ইকুয়েডরকে

২১ জুন ২০২৬ সকাল ০৯:১৪:২৭

কুরাসাওয়ের গোলরক্ষক রুখে দিল ইকুয়েডরকে

স্পোর্টস ডেস্ক: জার্মানির বিপক্ষে সাত গোল হজমের পর কুরাসাওকে নিয়ে খুব বেশি আশা ছিল না। তবে গোলরক্ষক এলয় রুম যেন সেই দুঃস্বপ্নকেই প্রেরণায় পরিণত করলেন। ইকুয়েডরের বিপক্ষে গোলবারের নিচে দুর্দান্ত দৃঢ়তায় দাঁড়িয়ে একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে এনে দিলেন অমূল্য এক পয়েন্ট। তার অসাধারণ পারফরম্যান্সে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট তুলে নিয়েছে কুরাসাও।

২১ জুন রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গ্রুপ ‘ই’-এর ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েডর ও কুরাসাও। শেষ পর্যন্ত জমজমাট লড়াইটি শেষ হয় ০-০ সমতায়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার বাড়াতে থাকে ইকুয়েডর। পুরো ম্যাচে তারা ২৯টি শট নেয়। কিন্তু কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুমের অনবদ্য পারফরম্যান্সের সামনে বারবার ব্যর্থ হয় দক্ষিণ আমেরিকার দলটি।

এই ম্যাচে ১৫টি সেভ করে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন রুম। বিশ্বকাপের একক কোনো ম্যাচে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেভের রেকর্ড।

ইকুয়েডরের অভিজ্ঞ ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া একাধিকবার গোলের সুযোগ পেলেও রুমের সামনে সফল হতে পারেননি। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের চাপ আরও বাড়লেও কুরাসাওয়ের রক্ষণভাগ ছিল দৃঢ় ও সংগঠিত।

শুধু রক্ষণেই নয়, পাল্টা আক্রমণেও হুমকি তৈরি করেছে কুরাসাও। তাহিথ চং ও জুনিনহো বাকুনার নেতৃত্বে কয়েকটি বিপজ্জনক আক্রমণ গড়ে তোলে দলটি। এক পর্যায়ে বাকুনার জোরালো শট দারুণভাবে ঠেকিয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনদেস।

শেষ পর্যন্ত দুই দলের মরিয়া চেষ্টার পরও আর কোনো গোল হয়নি। ফলে গোলশূন্য ড্রয়ে ম্যাচ শেষ হয়। এই ফলাফলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ইকুয়েডরের সমীকরণ আরও কঠিন হয়ে গেল। অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়ে ইতিহাস গড়ল কুরাসাও।

সূত্র: ইএসপিএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ব বাবা দিবস আজ
বিশ্ব বাবা দিবস আজ
২১ জুন ২০২৬ সকাল ১০:৪৭:৫১






Follow Us