স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা মেরে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপরই হাসপাতালে যেতে হয়েছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। হাসপাতাল থেকে অবশ্য আজ শুক্রবার বাসায় ফিরেছেন মাথায় আঘাত পাওয়া মিরাজ। আর তাকে নিয়েই শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
গতকাল মাথায় আঘাত নিয়েই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ। সতর্কতার স্বার্থে ম্যাচ শেষ হওয়ার পরই হাসপাতালে পাঠানো হয় তাকে। দুইবার স্ক্যান করানো হলেও সেখানে খারাপ কিছু ধরা পড়েনি। ১২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরেছেন মিরাজ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, তারপর একটু বমি হয়। যেটা কিছুটা চিন্তার ছিল। এরপরও সে খেলা চালিয়ে যায়। খেলার পর দ্রুতই বিসিবির ডাক্তার, ফিজিওরা সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’
দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ২-০ তে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার লক্ষ্য তাদের।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available