স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউই ওপেনার ফিন অ্যালেনের ঝড়ো সেঞ্চুরিতে মাত্র ১২ ওভার ৫ বলেই জয় নিশ্চিত করে দলটি।
কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে মার্কো জানসেন অপরাজিত ৫৫ রান করেন।


জবাবে শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। ইনিংসের দ্বিতীয় ওভারেই সেইফার্ট ক্যাচ দিয়েছিলেন, তবে উইকেটকিপার কুইন্টন ডি কক সেটি লুফে নিতে ব্যর্থ হন। সেই সুযোগ কাজে লাগিয়ে দুই প্রান্ত থেকেই ঝড়ো ব্যাটিং চালান কিউই ওপেনাররা।

পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান তোলে নিউজিল্যান্ড। তাতেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা।
সেইফার্ট ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। পরে ৩৩ বলে ৫৮ রান করে আউট হলে ভাঙে ১১৭ রানের উদ্বোধনী জুটি। তবে অন্য প্রান্তে অপ্রতিরোধ্য ছিলেন ফিন অ্যালেন।
১৯ বলে ফিফটি করার পর পরের ৫০ রান করতে তিনি খেলেন মাত্র ১৪ বল। সব মিলিয়ে ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালেন। এটি বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি এবং টেস্ট খেলুড়ে দুটি দেশের মধ্যকার টি–টোয়েন্টি ম্যাচেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি কক ১০ রান করে আউট হলে ১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিন নম্বরে নেমে শূন্য রানে ফেরেন রায়ান রিকেলটন। অধিনায়ক এইডেন মার্করামও সুবিধা করতে পারেননি।
দলের বিপর্যয়ের মধ্যে কিছুটা প্রতিরোধ গড়েন ডিওয়াল্ড ব্রেভিস। তিনি ২৭ বলে ৩৪ রান করেন। পরে ষষ্ঠ উইকেটে ক্রিস্টিয়ান স্টাবস ও মার্কো জানসেন গুরুত্বপূর্ণ জুটি গড়েন। স্টাবস ২৪ বলে ২৯ রান করেন।
তবে স্টাবস আউট হওয়ার পর দ্রুতই ফিরে যান করবিন বশ ও কাগিসো রাবাদা। শেষ পর্যন্ত জানসেনের ৩০ বলে অপরাজিত ৫৫ রানে লড়াইয়ের মতো সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
কিন্তু ফিন অ্যালেনের বিস্ফোরক ইনিংসের সামনে সেই সংগ্রহ টিকতে পারেনি। দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available