• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০৯:৪৬ (02-Apr-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ঝুঁকিতে ২টি ব্রিজ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

২ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪১:৩৯

কালীগঞ্জে ঝুঁকিতে ২টি ব্রিজ, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের গেগড়া এলাকায় অবস্থিত গেগড়া ব্রিজ ও দামালের পাড় গেগড়া বিলের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ব্রিজ দুটির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তিন ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মেয়াদোত্তীর্ণ ব্রিজ দুটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৪নং দলগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গেগড়া ব্রিজটির রেলিংগুলো ভেঙে পড়েছে এবং পিলারে ফাটল ধরেছে এবং একই ওয়ার্ডের দামালের পাড় গেগড়া বিল সংলগ্ন ব্রিজের যানবাহন চলাচলের পথের ডেক, গার্ডার/বিম ভেঙে পড়েছে। জরাজীর্ণ ব্রিজ দুটি দিয়েই প্রতিদিন চলাচল করে তিনটি ইটভাটার ভারী যানবাহন। পণ্যবাহী ট্রাক ও ইটের গাড়ি চলাচলের কারণে ব্রিজটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। অপর দামালের পাড় গেগড়া বিল সংলগ্ন ব্রিজের যানবাহন চলাচলের পথের ডেকের মাঝে ভেঙে যাওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পথ পাড়ি দিচ্ছেন।

Ad
Ad

স্থানীয় বাসিন্দা মনিজা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, গেগড়া ব্রিজটি দীর্ঘ ৫ বছর ধরে আমরা এই ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করছি। আমাদের সন্তানরা যখন স্কুলে যায়, তখন সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি কখন জানি ব্রিজটা ভেঙে পড়ে।

Ad

কৃষক মোকছেদ আলী জানান, ফসলের গাড়ি এই ব্রিজের ওপর দিয়ে যেতে চায় না, ফলে কৃষিপণ্য পরিবহনে তাদের অতিরিক্ত খরচ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

দামালের পাড় গেগড়া বিল এলাকাবাসীর দাবি, ব্রিজের উপর দিয়ে হাটে গেলেই ভেঙে যাচ্ছে, আমরা গরু ও ছাগল পর্যন্ত নিরাপদে পাড়াপার করতে পারছিনা, ব্রিজের কোনো ধারণক্ষমতা নেই, দীর্ঘদিন থেকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ রয়েছে দেখবার কেউ নাই।

দলগ্রাম ইউপি ৯নং ওয়ার্ডে সদস্য ইমান আলী জাদু বলেন, "৩টি ইউনিয়নের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই দুটি ব্রিজ এর মধ্যে গেগড়া ব্রিজের রেলিং ভাঙা থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ও দামালের পাড়ের ব্রিজ মাঝে ভেঙে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। জনস্বার্থে দ্রুত এখানে দুটি নতুন ব্রিজ নির্মাণ করা জরুরি।"

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান জানান, গেগড়া ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারসহ এটি পরিদর্শন করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় একটি নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অপর ব্রিজটি ভেঙে গিয়েছে এটিও পরিদর্শন করেছি ও এখানেও নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব চলমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us