ডেস্ক রিপোর্ট: বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত ও টেকসই পরিবর্তন নিশ্চিত করতে সর্বস্তরে সংস্কার এখন সময়ের দাবি।
২৬ জুন শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐকমত্য ও কার্যকর সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিভিন্ন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রশ্নের জবাব দিলেও নিজ মন্ত্রণালয়ের মূল দায়িত্ব পালনে যথাযথ মনোযোগ দিচ্ছেন না। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উদাসীনতা ফুটে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সংসদের ভেতরে এবং বাইরে দলটি সক্রিয় ভূমিকা পালন করবে। সরকার জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে সংসদের পাশাপাশি রাজপথেও তার প্রতিবাদ জানানো হবে।
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available