ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে আলোচনা না করে সরকার একতরফাভাবে সংসদ পরিচালনা করেছে।
৩ মে রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জাতীয় কনভেনশনের সমাপনী সেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ নির্ধারণের কথা থাকলেও তা হয়নি। সরকার নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনই আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়াবে।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই দেশে গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চলছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অতীত রাজনৈতিক ধারার সমালোচনা করে বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুধুমাত্র সংশোধনের মাধ্যমে টেকসই সমাধান সম্ভব নয়। তিনি উচ্চকক্ষ গঠন, গণভোটের ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধের মতো প্রস্তাব তুলে ধরেন। তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রীয় ভারসাম্য নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব কমিয়ে সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংসদে অনেক ক্ষেত্রে ভিন্নমত থাকলেও তা নোট অব ডিসেন্ট হিসেবে যুক্ত হয়, কিন্তু সিদ্ধান্ত পাস হয়ে যায়। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কোনো সনদ বা ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য গণভোটের প্রয়োজন রয়েছে, নইলে ক্ষমতায় আসা দল নিজেদের ইশতেহার অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং সনদের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে।
গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া ব্যাহত হলে জনগণকে আবারও রাজপথে নামতে হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমরা তা চাই না, তবে পরিস্থিতি তৈরি হলে জনগণের আন্দোলনই শেষ ভরসা হয়ে উঠবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available