দেশের মুসলিমদের জন্য এটি ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।২০ মার্চ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।নাহিদ ইসলাম বলেন, ‘আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আনন্দের বার্তা নিয়ে আসে। এটি ধনী-গরিব, ছোট-বড়, উঁচু-নিচু সমাজের সকল ভেদাভেদ ভুলিয়ে আমাদের সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে, এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে ঈদ আমাদের হৃদয়ে আনে নির্মল প্রশান্তি।’তিনি আরও উল্লেখ করেন, ‘এ দেশের মুসলিমদের জন্য এটি ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর। দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। শত শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি। আমাদের উচিত সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং আহত সংগ্রামী ভাই-বোনদের খোঁজখবর নেওয়া।’প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ বলেন, ‘দূর প্রবাসে থাকা প্রবাসী ভাই-বোনরা পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। ঈদের দিনে সচেতন মুসলিম হিসেবে দরিদ্র, অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। মহান আল্লাহ যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন।’