• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:০৪:০৯ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ জুন ২০২৬ দুপুর ০১:০৪:০২

মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শিগগিরই জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

২৫ জুন বৃহস্পতিবার সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং ও নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা ক্রমেই ঘনীভূত হচ্ছে। মাদকাসক্তদের চিকিৎসাসেবা সহজলভ্য ও উন্নত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি জানান, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দেশের আটটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত বিধিমালা ও গাইডলাইন অনুসরণ করে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিদ্যমান আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব হচ্ছে না। তাই আইনটি সংশোধন ও হালনাগাদ করে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই সংশোধিত আইন সংসদে উত্থাপন করা হবে।’

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের অনেক ক্ষেত্রে সশস্ত্র নেটওয়ার্ক রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রয়োজনীয় অবকাঠামো, সক্ষমতা ও আধুনিক ল্যাবরেটরির ঘাটতি রয়েছে। একইসঙ্গে বিপুলসংখ্যক মামলা বিচারাধীন থাকায় অনেক আসামি আইনের ফাঁকফোকর ব্যবহার করে সুবিধা নিচ্ছে।

এ কারণে মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পৃথক ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। আইন সংশোধনের পর দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা হচ্ছে। মাদক বিক্রির অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদে রূপান্তরিত হচ্ছে। তাই একটি শক্তিশালী আইনি কাঠামো গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছি।’

এ সময় তিনি জানান, আগামী ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইদিন সকাল ৮টায় মৎস্য ভবন থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
২৫ জুন ২০২৬ বিকাল ০৩:৩৮:৩২








Follow Us