ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আজ ১২ জুন শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের নীতি-অগ্রাধিকার, রাজস্ব পরিকল্পনা এবং সামগ্রিক অর্থনৈতিক লক্ষ্য নিয়ে বিস্তারিত তুলে ধরবেন অর্থমন্ত্রী। পাশাপাশি বাজেটকে ঘিরে অর্থনীতিবিদ, ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং ৫৫তম জাতীয় বাজেট।
প্রস্তাবিত বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর।
অন্যদিকে ব্যয় ও আয়ের ব্যবধান বিবেচনায় বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
অর্থনীতিবিদদের মতে, আজকের সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা, বাজেট ঘাটতির অর্থায়ন, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এছাড়া প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন সক্ষমতা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে পারেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেট নিয়ে জনমনে যে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে আজকের সংবাদ সম্মেলনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available