অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এ পরিস্থিতিতে অংশীজনদের মতামতের ভিত্তিতে পরীক্ষার সূচি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২ জুন মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত অংশীজনদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় সমালোচনা দেখা দেওয়ায় বিষয়টি আবারও আলোচনার মাধ্যমে পর্যালোচনা করা হতে পারে।
তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা আবার অংশীজনদের সঙ্গে বসব। জনসাধারণের মতামতও নেওয়া হতে পারে। রোজার কারণে পরীক্ষা এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথায় আমরা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজন করতে চেয়েছিলাম।’
আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, বর্তমানে অনেকেই রমজানের পর পরীক্ষা শেষ করার পক্ষে মত দিচ্ছেন। এ কারণে সবার মতামত বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। জনসাধারণের মতামতের পাশাপাশি শিক্ষার্থীদের কারিকুলাম ও সিলেবাস যথাযথভাবে সম্পন্ন হওয়াও নিশ্চিত করতে হবে। সিলেবাস কাভার না হলে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়।’
শিক্ষামন্ত্রী জানান, প্রয়োজন হলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার বর্তমান সূচিতেও পরিবর্তন আনা হতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available