• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:২৫:৩৩ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে স্কাইডাইভার বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ১২

১৫ জুন ২০২৬ সকাল ১০:৫১:৩৮

যুক্তরাষ্ট্রে স্কাইডাইভার বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় ১৪ জুন রোববার সকাল ১১টা ২০ মিনিটের দিকে একটি স্কাইডাইভিং প্রতিষ্ঠান ভাড়া করা বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে হঠাৎ বাম দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে ভূপাতিত হয়। এতে বিমানে থাকা সব আরোহীর মৃত্যু ঘটে।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের একটি ছোট আকারের বিমান। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই এটি দুর্ঘটনায় পড়ে।

এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় ওই এলাকায় বিমান চলাচল নিয়ন্ত্রণ সেবা সক্রিয় ছিল না। তবে নির্ধারিত আকাশসীমায় চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকারী দল আশপাশের এলাকায় তল্লাশি চালায়।

শেরিফ আরও জানান, নিহতদের কয়েকজন স্বজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কানসাস সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরের এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us