আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) শেষ হওয়ার পরও সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে আসার কয়েকদিনের মধ্যেই কয়েকজন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে ফরাক্কা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফরাক্কা বিধানসভার ৫১ নম্বর পার্টের আধুয়া বুথের ভোটার কামরুল সেখ, বাসির সেখ ও নাজমুল সেখ অভিযোগ করেন, তারা সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন এবং তাঁদের নাম ভোটার তালিকায়ও ছিল। কিন্তু পরবর্তীতে ট্রাইব্যুনাল থেকে নোটিশ পেয়ে জানতে পারেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।


ভুক্তভোগীদের দাবি, ১২ মে মঙ্গলবার দুপুরে স্থানীয় বুথ লেভেল অফিসার (বিএলও) তাঁদের কাছে নোটিশ পৌঁছে দেন। সেখানে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগণার একটি ট্রাইব্যুনালে হাজির হয়ে শুনানিতে অংশ নিতে হবে।

নির্ধারিত সময়ে সেখানে উপস্থিত হলে কয়েক ঘণ্টা অপেক্ষার পর তাঁদের জানানো হয়, ভোটার তালিকা থেকে তাঁদের নাম ইতোমধ্যে বাদ দেওয়া হয়েছে। তবে কেন বা কোন প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের আরও দাবি, তারা দীর্ঘদিন ধরে ফরাক্কা এলাকায় বসবাস করছেন এবং তাঁদের পরিবারও স্থানীয় ভোটার তালিকাভুক্ত। এমন পরিস্থিতিতে ভোট দেওয়ার পর নাম বাদ পড়ার ঘটনায় তারা বিভ্রান্ত ও উদ্বিগ্ন।
এদিকে স্থানীয় বুথ লেভেল অফিসার জানান, নোটিশগুলো তিনি সংশ্লিষ্ট দপ্তর থেকে পেয়ে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দেন। বিষয়টি নিয়ে তিনি নিজেও বিস্ময় প্রকাশ করেছেন।
ঘটনাটি সামনে আসার পর স্থানীয় পর্যায়ে ভোটার তালিকা যাচাই ও প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: পুবের কলম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available