অনলাইন ডেস্ক: বগুড়া পৌরসভা ও আশপাশের সম্প্রসারিত এলাকা নিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। নতুন এ সিটিতে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে সেখানে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন পায়।

নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে উত্তরে রাখা হয়েছে নিশিন্দারা, রাজাপুর (আংশিক) ও শাখারিয়া ইউনিয়ন; দক্ষিণে আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়ন; পূর্বে সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়ন এবং পশ্চিমে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়ন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে মতামত আহ্বান করা হয়েছিল। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির জন্য বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।
পরে জেলা প্রশাসক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদন বিবেচনা করেই সরকার আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available