স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে হতাশাজনক শুরু করেছে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও দলটির সমর্থকদের জন্য এসেছে দুঃসংবাদ। চোটের কারণে ওই ম্যাচেও মাঠে নামতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, হাইতির বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না নেইমার। তিনি নিউ জার্সিতেই থেকে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন।
সিবিএফের তথ্য অনুযায়ী, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে উঠতে আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন সুবিধার মধ্যে রয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট অবস্থায় নেইমারকে পাওয়াই তার প্রধান লক্ষ্য।
গত মাসে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে কাফ মাসলে চোট পান নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও অভিজ্ঞতা ও নেতৃত্বের কথা বিবেচনা করে তাকে বিশ্বকাপ দলে রেখেছেন আনচেলত্তি।
সম্প্রতি নেইমারকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেলেও তিনি পুরো সেশনে অংশ নেননি। মূলত ফিটনেস কোচ ও ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে আলাদা পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ব্রাজিল শিবিরের আশা, গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবে হাইতির পর স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। এরপর একাধিক চোট তার প্রত্যাবর্তনের পথ আরও কঠিন করে তোলে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available