• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৪৪ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ

১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯

আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: হৃদয়, সাইফ ও ইমনের লড়াকু ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

১৯ জুন শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে সফরকারীরা, ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৯৭ রানের কঠিন লক্ষ্য।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। মাত্র তিন ওভারেই ৪২ রান তুলে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তামিম ১৫ বলে ৩০ রান করে বিদায় নিলেও সাইফ ও সৌম্য সরকার রান তোলার গতি ধরে রাখেন। পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭২ রান।

এরপর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে ওঠে। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর পৌঁছে যায় ৯৭ রানে। এক পর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণও ছিল স্বাগতিকদের হাতে। তবে মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান। তাওহীদ হৃদয়ের ব্যাটে লড়াই জমে উঠলেও সমীকরণ শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে মেলেনি। শেষ তিন বলে দরকার ছিল ১৮ রান। চতুর্থ বলে ছক্কা ও পঞ্চম বলে চার মারলেও শেষ বলে আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে লং-অনে ক্যাচ দেন হৃদয়। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ব্যাট হাতে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের সাহসী লড়াইও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। মাত্র ৭ রানের ব্যবধানে পরাজয়ের সঙ্গে সিরিজও হাতছাড়া হয় টাইগারদের।

ম্যাচের শুরু থেকে যেভাবে বাংলাদেশ ব্যাট করেছে, তাতে একসময় জয় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট পতন ও চাপের মুহূর্তে বড় শট খেলতে না পারায় তীরে এসে তরী ডুবেছে স্বাগতিকদের। আর সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯





Follow Us