বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যু সংবাদ পেয়েই শাশুড়ির পাশে দাঁড়াতে ছুটে গেছেন তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। দিঘায় শুটিং চলাকালীন গত রোববার সন্ধ্যায় রাহুলের মৃত্যুর খবর কলকাতায় পৌঁছালে দিশেহারা হয়ে পড়েন প্রিয়াঙ্কা। শোকাতুর এই সময়ে ১৩ বছর বয়সী ছেলে সহজকে নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে এই অভিনেত্রীর।
জানা গেছে, স্বামীর মৃত্যুর খবর যখন আসে তখন প্রিয়াঙ্কা তার নতুন সিনেমা ‘তারকাটা’র পোস্টার শুটের জন্য লুকসেটে ব্যস্ত ছিলেন। সেখান থেকেই তড়িঘড়ি করে বেরিয়ে আসেন তিনি। খবরের আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়া প্রিয়াঙ্কা প্রথমে দিঘার হাসপাতালে না গিয়ে সরাসরি শাশুড়ির কাছে ছোটেন।


এরপর সেখান থেকে নিজের বাড়িতে ফেরেন, যেখানে তাদের একমাত্র সন্তান সহজ ছিল। ঘনিষ্ঠ সূত্র জানায়, বাবাকে হারানোর এই দুঃসংবাদ সন্তানকে কীভাবে দেবেন এবং তাকে কীভাবে সামলাবেন, তা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা।

রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের শুরু হয়েছিল একটি সিনেমার সেটে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৩ সালে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান সহজ। সম্প্রতি বাবার পডকাস্ট শো ‘সহজ কথা’তেও দেখা গিয়েছিল তাকে। রোববার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রিয়াঙ্কা তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়ে বলেন, এই কঠিন সময়টি সামলে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।
দুঃসময়ে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন তাদের দীর্ঘদিনের বন্ধু ও প্রযোজক নীলাঞ্জনা শর্মা। রাহুলকে তিনি নিজের ভাইয়ের মতো মনে করতেন।
উল্লেখ্য, রোববার দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের পর সমুদ্রে নেমে নিখোঁজ হন রাহুল। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available