বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন। ভালোবেসে দশ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন। দাম্পত্য জীবনের অর্ধ যুগের বেশি সময় পার করেছেন। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তানও। বিয়ের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা।
এদিকে, কিছুদিন ধরে গুঞ্জেন উড়ছে ভেঙে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সংসার। এ নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে। এতদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন এই অভিনেত্রী।


তেলেগু সংবাদমাধ্যম এনটিভিকে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “আমি ও নিক খুবই সুখে আছি, একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের সমালোচনা নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি, আমি আর নিক আলাদা হয়ে যাচ্ছি।”

প্রশ্ন ছুড়ে দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এই ধরনের গুজব ভাইরাল হয়? আমি এখনো বুঝতে পারি না!”
নিকের সঙ্গে দাম্পত্য জীবনে সুখে থাকলে মানুষ কেন বিচ্ছেদের গুঞ্জন উড়াচ্ছে? এই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “আমরা ভিন্ন দুই দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, আমাদের বয়সের পার্থক্যও বেশ। হয়তো এসব কারণেই মানুষ কথা বলে। কিন্তু আমরা গত আট বছর ধরে খুব সুখে আছি।”
জীবনসঙ্গী হিসেবে নিককে সঠিক মানুষ বলে মনে করেন প্রিয়াঙ্কা। তার ভাষায়—“আমরা পরস্পরকে চেনা-জানার ছয় মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। নিকের সঙ্গে দেখা হওয়ার পরই আমি অনুভব করি, সে-ই আমার জন্য সঠিক মানুষ, তাই আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই।”
প্রিয়াঙ্কা চোপড়া জোর দিয়ে জানান, তারা নেতিবাচক কথাবার্তাকে পাত্তা দেন না। বরং নিজেদের সম্পর্কেই মনোযোগী। এসব তথ্য স্মরণ করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “অন্যরা কী বলছে, তা নিয়ে আমরা ভাবি না। আমরা খুবই সুখে আছি।”
গত বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় ম্যাগাজিন ইস্কয়ার ইন্ডিয়া প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে প্রচ্ছদ সাজিয়েছিলেন। এ সংখ্যায় প্রিয়াঙ্কা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছিলেন। এ আলাপচারিতায় প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, “আমাদের সম্পর্ক নিয়ে তৃপ্তি অনুভব করি। তার সবচেয়ে বড় কারণ আমি তার (নিক) উপর নির্ভর করতে পারি।”
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।
বলিউডকে বিদায় জানিয়ে হলিউডে ব্যস্ত হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এটি ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা। দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে তাকে। তেলেগু ভাষার এ সিনেমায় তার সহশিল্পী মহেশ বাবু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available