নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার দুটি গুরুত্বপূর্ণ আসনে দুই আলোচিত প্রার্থীকে নিয়ে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী পরিস্থিতি। তারা লড়ছেন যে আসনে, সেখানে তারা ভোটার নন। ফলে ব্যালট পেপারে নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা।

এই দুই প্রার্থী হলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।


ববি হাজ্জাজ ভোট দেবেন ঢাকা-১৭ আসনে
ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা মামুনুল হক। কিন্তু ববি হাজ্জাজ এই আসনের ভোটার নন। তার নাম রয়েছে ঢাকা-১৭ আসনের ভোটার তালিকায়।
ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্রটি ববি হাজ্জাজের ভোটকেন্দ্র। সেখানে তার ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২। আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় তার নিজ এলাকায়। এ নিয়ে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকার ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে।
ঢাকা-৯ আসনে লড়া তাসনিম জারার ভোটের আসন ঢাকা-১১
ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে এই আসনের ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তিনি এই আসনের ভোটার নন।
ইসি’র ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। সেখানে তার ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। নির্বাচনী আইন অনুযায়ী তাকে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
জানা গেছে, তিনি বর্তমানে পরীবাগে বসবাস করছেন এবং এর আগে গুলশানে থাকতেন।
এ বিষয়ে বক্তব্য জানতে তাসনিম জারাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার নির্বাচনি টিমের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
নিজেদের আসনের ভোটার না হওয়ায় এই দুই প্রার্থী কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছেন। সংশ্লিষ্ট আসন দুটির ভোটারদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ ভোটারদের কেউ কেউ বলছেন, প্রার্থী যে আসনের জন্য লড়ছেন, সেই আসনের ভোটার হলে স্থানীয়দের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয়।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডসহ মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানা নিয়ে গঠিত ঢাকা-৯। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা নিয়ে গঠিত ঢাকা-১৩ আসন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available