জামালপুর প্রতিনিধি: জামালপুরের পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসা ফাঁকা থাকার সুযোগে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে মূল্যবান হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা নিয়ে গেছে চোর চক্র ।
জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার এই ভবনটির তৃতীয় তলায় ভাড়া থাকেন বিচারক দম্পতি।
৩০ জুন মঙ্গলবার রাতে এই বাসাতেই হানা দেয় চোর চক্র।
জানা গেছে, সিভিল জজ আহমাদুল কবির সাকিল তাঁর স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনিকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। আর এই ফাঁকা বাসার সুযোগ নেয় দুর্বৃত্তরা।
পরিকল্পিতভাবে সিসিটিভি বিকল করে জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে তারা। এরপর আলমারি ভেঙে একটি মূল্যবান হীরার আংটি, ৮ ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা চুরি করে পালায়।
রাতে জজ আহমাদুল কবির বাসায় ফিরে দরজার তালা খুলতে না পেরে, দরজা ভেঙে ভেতরে ঢুকে এই চুরির দৃশ্য দেখতে পান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available