মতলব উত্তরে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক, সাংবাদিক সফিকুল ইসলাম রানার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার খোয়া গেছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিট থেকে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা এই চুরির ঘটনা ঘটায়। এই বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ জানান।ভুক্তভোগী সাংবাদিক সফিকুল ইসলাম রানা (৪৭) জানান, তিনি ছেংগারচর পৌর ভবন সংলগ্ন মিন্টু ভবনে পরিবারসহ বসবাস করেন। ঘটনার সময় তিনি পেশাগত কাজে বাসার বাইরে ছিলেন। তার স্ত্রী বাসার সাধারণ লক লাগিয়ে নিচে নামার সুযোগে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে।চোরেরা বাসা থেকে নগদ ৩৯ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ১১ লাখ ১৯ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে সাংবাদিকের স্ত্রী বাসায় ফিরে এসে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সাংবাদিক সফিকুল ইসলাম দ্রুত বাসায় ফিরে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন।এ বিষয়ে সাংবাদিক সফিকুল ইসলাম রানা বলেন, ‘আমি পেশাগত কাজে বাইরে থাকায় এই সুযোগে চোরেরা আমার পরিবারের কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে আমরা চরম মানসিক বিপর্যয়ের মধ্যে আছি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ‘চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে।’