• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৫৩:০৮ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্প পরিবারের আয় দেড় বিলিয়ন ডলার: রয়টার্স

১ জুলাই ২০২৬ দুপুর ১২:৫১:২৪

ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্প পরিবারের আয় দেড় বিলিয়ন ডলার: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তার পরিবারের ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট ব্যবসা থেকে দেড় বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। 

৩০ জুন মঙ্গলবার প্রকাশিত ২০২৫ সালের আর্থিক বিবরণীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

বিশ্লেষকদের মতে, বর্তমানে ট্রাম্পের আয়ের সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছে ডিজিটাল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সি।

যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিকস (ওজিই) এ জমা দেওয়া বার্ষিক আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্প ও তার ছেলেদের সহ-প্রতিষ্ঠিত ক্রিপ্টো ভেঞ্চার ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে তার প্রতিষ্ঠানের আয় হয়েছে প্রায় ৮০ কোটি ডলার।

এর মধ্যে ক্রিপ্টো টোকেন বিক্রি থেকে এসেছে ৫২ কোটি ডলারের বেশি এবং প্রতিষ্ঠানে মালিকানার অংশ বিক্রি করে আয় হয়েছে ২৫ কোটি ডলারের বেশি। এছাড়া ট্রাম্পের মিম কয়েন বিক্রি থেকে আরও প্রায় ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় হয়েছে।

এক বছর আগে জমা দেওয়া আর্থিক বিবরণীতে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে ট্রাম্পের আয় দেখানো হয়েছিল ৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার। এক বছরের ব্যবধানে সেই আয় প্রায় নয় গুণ বেড়েছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্পের পরিবার ক্রিপ্টো-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প থেকে অন্তত ২৩০ কোটি ডলার আয় করেছে।

দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসন স্টেবলকয়েনের জন্য নতুন ফেডারেল বিধিমালা প্রণয়ন, ক্রিপ্টো খাতে বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদারকি শিথিলসহ একাধিক পদক্ষেপ নেয়। ক্রিপ্টো খাত এসব উদ্যোগকে শিল্পবান্ধব হিসেবে স্বাগত জানালেও সমালোচকদের অভিযোগ, এসব নীতির ফলে ট্রাম্প পরিবারের পরোক্ষভাবে আর্থিক সুবিধা হয়েছে।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বা তার পরিবার কখনোই যুক্তরাষ্ট্রের স্বার্থের সংঘাতে জড়ায়নি এবং ভবিষ্যতেও জড়াবে না। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগত পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে পরিণত হয়েছে।

ক্রিপ্টো ব্যবসার বাইরে ২০২৫ সালে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে আইনি নিষ্পত্তি থেকে ট্রাম্পের আয় হয়েছে ৮ কোটি ডলারের বেশি। এছাড়া বিদেশে আবাসন প্রকল্পে নিজের নামের লাইসেন্স দিয়ে তিনি আয় করেছেন প্রায় ৫ কোটি ২০ লাখ ডলার, যার বড় অংশ এসেছে মধ্যপ্রাচ্যের অংশীদারদের সঙ্গে চুক্তি থেকে।

আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের গলফ ক্লাব ও রিসোর্ট ব্যবসার আয়ও বেড়েছে। ২০২৫ সালে এসব প্রতিষ্ঠান থেকে তার আয় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০ কোটি ডলারের বেশি হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের ব্যবসায়িক কার্যক্রম বর্তমানে তার সন্তানদের তত্ত্বাবধানে পরিচালিত হলেও ট্রাস্টের চূড়ান্ত সুবিধাভোগী হিসেবে তিনি এসব সম্পদের আয়ের অধিকারী।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এথিক্স বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান ডন ফক্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল স্বার্থের সংঘাত-সংক্রান্ত অনেক আইনের বাইরে থাকলেও ওয়াটারগেট-পরবর্তী সময়ে প্রায় সব প্রেসিডেন্টই স্বেচ্ছায় এমন পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করেছেন। তার মতে, ট্রাম্পের আর্থিক অবস্থান দেখিয়ে দিচ্ছে প্রেসিডেন্টদের জন্য আরও কঠোর নৈতিকতা-সংক্রান্ত আইন প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৫৩






Follow Us