নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে র্যাব-১১ এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১১৯ কেজি গাঁজা, ৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
২২ মে শুক্রবার রাতে এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানার উত্তর ভুইঘর গিরিধারা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১ এর একটি দল। এসময় ৬৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, ফতুল্লার শৈলকুড়া এলাকার শাহাবুদ্দিন (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব কাশিপুর এলাকার সুমন মিয়া (৩৫)।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
অন্যদিকে, একইদিন রাত ৯টার দিকে বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া পরিত্যক্ত মাদকদ্রব্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available