পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
৩ জুলাই শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের কর্মকর্তারা।
পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসী আটকের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল।
অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ জানতে পারে, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির প্রস্তুতি চলছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় আলী হোসেনকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক আলী হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া আটক অপর দুই ব্যক্তির সম্পৃক্ততার বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available