নওগাঁ প্রতিনিধি: ছয় মাস পেরিয়ে গেলেও এখনো নিজের বরাদ্দ পাওয়া দোকানঘর ফিরে পাননি প্রতিবন্ধী রাজ্জাক। অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা দোকানটি উদ্ধারে প্রশাসনের একাধিক আশ্বাস মিললেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
গত বছরের ২৪ অক্টোবর নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ভূমি অফিসসংলগ্ন বাজারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া একটি দোকানঘর দখল হয়ে যায় বলে অভিযোগ করেন রাজ্জাক। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী সেখানে দখল নিয়ে নির্মাণকাজ শুরু করে।


ঘটনার পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন তদন্তের আশ্বাস দেয়। চলতি বছরের এপ্রিল মাসে জেলা প্রশাসকের কার্যালয় থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য লিখিত নির্দেশনাও দেওয়া হয়। সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে ৩০ দিনের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ ছিল ওই আদেশে।

তবে নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো কোনো কার্যকর উচ্ছেদ অভিযান হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর। ছয় মাস ধরে দপ্তরে দপ্তরে ঘুরে ক্লান্ত রাজ্জাক এখন হতাশ।
ভুক্তভোগী রাজ্জাক বলেন, ‘ঘটনার পর থেকে অনেক জায়গায় গেছি, লিখিত অভিযোগ দিয়েছি। সবাই আশ্বাস দিয়েছে, কিন্তু দোকানটা এখনো ফেরত পাইনি। ওই ছোট দোকানটাই ছিল আমার ভরসা। এখন আর কিছুই নেই।’
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে দোকান বুঝিয়ে দেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available