মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্য ও বিএনপি নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছেন।
১৯ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৭ নম্বর আটজুড়ী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আটজুড়ী ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় ভোক্তাদের তালিকা খুঁজে না পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোল্লাকে দায়ী করে গালাগালি করেন ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লা। এ সময় নাদিম মোল্লা উপস্থিত না থাকলেও পরে বিষয়টি জানতে পারেন।

এর জেরে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদে এসে জাহাঙ্গীর মোল্লার কাছে গালাগালির কারণ জানতে চান নাদিম মোল্লা। এ সময় দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
একপর্যায়ে নাদিম মোল্লার ভাতিজা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লার ছেলে জনি মোল্লা এবং হাদি মোল্লার ছেলে ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লাকে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে জাহাঙ্গীর মোল্লার ছেলে সানি মোল্লা ও তার ভাগ্নে ইউনিয়ন পরিষদের অদূরে তেমাথা সড়কে জনি মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, এখনো পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available