জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রির অভিযোগ ওঠায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল।


এর আগে ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয় জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে বিক্রির অভিযোগ ওঠে ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।
কলেজ সূত্র জানায়, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় সম্প্রতি জরাজীর্ণ রান্নাঘরের চালের টিন খুলে ফেলা হয়। পরে অভিযোগ ওঠে, ওই মালামাল বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে দাবি করেন, ছাত্রদলের নেতারা টাকা ছাড়াই মালামাল নিয়ে গেছেন। তবে পরে তিনি জানান, লিখিত আবেদন করার পর ১০ হাজার টাকায় তাদের কাছে মালামাল দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কাছে লিখিত আবেদনের কপি আছে। কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের মাধ্যমে নিলাম প্রক্রিয়ায় রান্নাঘরের মালামাল নেওয়া হয়েছে।
ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরের মালামাল নেওয়ার জন্য দুই ছাত্রনেতা আবেদন করেছিলেন। বিষয়টি দেখভালের জন্য হোস্টেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available