লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা আটটি পদে বিজয়ী হয়েছেন। তবে জামায়াত সমর্থিত কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার, সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।


১৫টি পদের মধ্যে বিএনপি পেয়েছে ৬টি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৮টি এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন— সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি), সহ-সভাপতি আবদুল মজিদ চৌধুরী (বিএনপি) ও আবুল খায়ের (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্যা (বিএনপি), সহ-সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি) ও চাঁদমনি মোহন (আওয়ামী লীগ), পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (আওয়ামী লীগ), অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ)। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ) ও জাফর আহমেদ (বিএনপি)।
এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী গত ২৬ জানুয়ারি এক নোটিশে জানান, আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে কোনো পদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ বিষয়ে নুরুল হুদা পাটওয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক এক সভাপতি জানান, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তারা প্রার্থী দেননি। সংগঠনের সিদ্ধান্ত ছিল নির্বাচন না করার, তবুও অন্যান্য পদে অংশ নিয়ে আটজন প্রার্থী বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বলেন, ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তারাবির নামাজের বিরতির কারণে ফল ঘোষণা কিছুটা বিলম্বিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available