গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় এক কৃষকের প্রায় এক বিঘা জমির ফলনন্ত শসা গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

১৯ ফেব্রুয়ারি বুধবার দিবাগত গভীর রাতে পৌরসভার উজিলাব গ্রামে এই নাশকতামূলক ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন।


ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন জানান, ধারদেনা ও হাড়ভাঙা পরিশ্রম করে তিনি এক বিঘা জমিতে শসা চাষ করেছিলেন। গাছে সবেমাত্র ফলন আসা শুরু করেছিল। কিন্তু শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জমিতে গিয়ে তিনি দেখেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিটি গাছের গোড়া কেটে রেখে গেছে। পুরো ক্ষেতের গাছগুলো নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে।
কান্নাজড়িত কণ্ঠে মোবারক হোসেন বলেন, “আমি অনেক কষ্ট করে ঋণ নিয়ে এই চাষ করেছি। এখন কীভাবে ঋণ শোধ করব? পরিবারের খরচই বা চলবে কীভাবে? যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করে দিয়েছে।”
সন্দেহের কারণ স্থানীয় সূত্রে জানা গেছে, শসা ক্ষেতের পাশেই একটি খেলার মাঠ রয়েছে। সেখানে খেলতে আসা কয়েকজন কিশোরকে ফসলের ক্ষতি না করতে সতর্ক করেছিলেন মোবারক হোসেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে কিছু কিশোর তাকে হুমকি দিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই রেশ থেকেই এই ঘটনা ঘটানো হতে পারে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শনে যান শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী। তিনি কৃষকের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “কৃষকের কষ্টের ফসল নষ্ট করা একটি জঘন্য অপরাধ। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন, “এটা পরিকল্পিত নাশকতা। আমরা চাই পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক যেন ভবিষ্যতে আর কেউ এমন সাহস না পায়।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। কৃষক মোবারক হোসেন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available