• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৬:২০ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৮ জুন ২০২৬ বিকাল ০৫:১০:১৭

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ অন্তত তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে কোরিয়া জেলার সোনহাত থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি পক্ষের সঙ্গে বালু মহাল নিয়ন্ত্রণ ও অবৈধ চাঁদা আদায় নিয়ে চলমান বিরোধই এই হত্যাকাণ্ডের কারণ বলে অভিযোগ করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং। অভিযোগ অনুযায়ী, তাকে একটি ফরচুনার এসইউভিতে আটকে রেখে চারপাশে ট্রাক দিয়ে ঘিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নেভার পর ঘটনাস্থল থেকে তারসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

অন্য দুই নিহত হলেন বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং। ঘটনায় আহত মায়াঙ্ক সিং বর্তমানে বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। এ ঘটনায় মোট নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় বালু উত্তোলনের ইজারা নিয়ন্ত্রণ ও পরিবহন থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ভারত সিংয়ের পরিবার ও প্রতিপক্ষ বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে এই সংঘাত কয়েক মাস ধরে তীব্র আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শী ও তদন্তকারীদের বরাতে জানা গেছে, নিহতদের গাড়ি চারদিক থেকে ট্রাক দিয়ে ঘিরে ফেলে পালানোর পথ বন্ধ করা হয় এবং এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজ্যের রাজনৈতিক নেতারা ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us