মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের তিন স্থানীয় নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা প্রত্যেকেই বর্তমানে বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।


লিখিত বক্তব্যে নেতারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে তারা দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে মো. বিল্লাল হোসেন বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দলীয় প্রাথমিক সদস্য পদসহ সভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
মোহাম্মদ মুনজুর আলী ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে দলের সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
অপরদিকে, মো. জাকির হোসেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনিও দলীয় সব পদ থেকে পদত্যাগের কথা জানান।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, তারা একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে তারা বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় মতাদর্শগত কিছু বিষয়ে অস্বস্তি তৈরি হওয়ায় তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও জানান, দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে স্থানীয় জনগণের সেবা কার্যক্রম আগের মতোই চালিয়ে যাবেন।পাশাপাশি ভবিষ্যতে তারা কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available