দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে দুই হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ১৪ জুন রোববার সকালে মাঝ আকাশে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং লটে আছড়ে পড়ে। এতে সেখানে থাকা একাধিক বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সামরিক দমকল বিভাগ জানায়, সংঘর্ষের পর অন্তত একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং তা মাটিতে আছড়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে সংঘর্ষের পরই একটি হেলিকপ্টার আগুনে পুড়তে থাকে এবং মাটিতে পড়ার আগেই একজন যাত্রীকে লাফিয়ে পড়তে দেখা যায়।তবে দুর্ঘটনার পর নিহতদের পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রে জনপ্রিয় মার্কিন গায়ক ও কৌতুকশিল্পী অলিভার ট্রি এবং আর্জেন্টিনার ২৩ বছর বয়সী ইউটিউবার গ্যাসপার প্রিম দিয়াজ (গ্যাসপি)-এর নাম উঠে এসেছে। আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ব্লেন্ডার’ তার মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে।এখনও পর্যন্ত কর্তৃপক্ষ নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সূত্র: রয়টার্স, এপি