• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৩৭:৪৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:
প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান নিয়ে হাবিবের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান নিয়ে হাবিবের প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংশ্লিষ্ট একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’।২৩ জুন মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পেছনে আবহ সংগীত হিসেবে ব্যবহার করা হয় হাবিবের গাওয়া ‘মহাজাদু’ গানটি।বিষয়টি জানার পর হাবিব ওয়াহিদ প্রথম আলোকে জানান, সকালে ঘুম থেকে উঠে মোবাইলে পরিচিতজনদের পাঠানো কয়েকটি লিংক দেখতে পান। কৌতূহলবশত একটি লিংক খুলে ভিডিওটি দেখার পর সেখানে নিজের গান শুনে তিনি বিস্মিত হন।হাবিব বলেন, প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার হওয়া তার জন্য আনন্দ ও সম্মানের। দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ সফরের ভিডিওতে নিজের গান স্থান পাওয়ায় তিনি অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান।এ বিষয়ে আগে থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি বলে জানান এই সংগীতশিল্পী। তার ভাষায়, “কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি, আমি নিজেই অবাক হয়েছি।”ভিডিওতে কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তবে তার ধারণা, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লেও হাবিব নিজে খুব বেশি সক্রিয় নন। তিনি জানান, মোবাইলে নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না, তাই সরাসরি মানুষের প্রতিক্রিয়া দেখার সুযোগ হয়নি। তবে পরিচিতদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন।হাবিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। ফলে পুরো ঘটনাটি তার কাছে আরও বড় এক চমক হিসেবে এসেছে।বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে এবং আপাতত সেটি নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।