• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ১২:২৬:৫৩ (19-Mar-2026)
  • - ৩৩° সে:
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।১৮ মার্চ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে এবং যত দ্রুত সম্ভব এ বছরই নির্বাচন অনুষ্ঠিত হবে।মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলেই নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এবারের ইরান-সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যা বড় ধরনের প্রভাব ফেলতে পারত। তবে সরকার এখন পর্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলেও উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, গার্মেন্টস খাতে বেতন সংক্রান্ত যেসব সমস্যা অতীতে দেখা যেত, এবার তা হয়নি। আগাম পদক্ষেপ নেওয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।সংবিধান সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারা যেসব বিষয়ে একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেসব বিষয় চাপিয়ে দেওয়া হয়, সেগুলো নিয়ে আলোচনার সুযোগ থাকতে হবে।তিনি বলেন, এ ধরনের বিষয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। পার্লামেন্টে তর্ক-বিতর্ক, আলোচনা ও ওয়াকআউট গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলেও মন্তব্য করেন তিনি।