• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ১১:০০:১৯ (12-Apr-2026)
  • - ৩৩° সে:
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই।১২ এপ্রিল রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী।পরিবার সূত্রে জানা যায়, লিভারজনিত সমস্যার কারণে ১১ এপ্রিল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৩৭ সালের ১৬ জুলাই কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সেখান থেকেই এলএলবি সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে এলএলএম ডিগ্রি এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।তিনি ১৯৬৭ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৮৯ সালে আপিল বিভাগে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি পান। এছাড়া দুই মেয়াদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।শিক্ষাজীবনের পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক এবং ঢাকার সিটি ল কলেজের অধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষাবিদ মাহফুজা খানমকে বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে।