• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:২৫:২৪ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা, আসামি আবীরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা, আসামি আবীরের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ, হত্যা এবং মরদেহ ছয় টুকরো করার মামলায় প্রধান আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।১৭ জুন বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, মামলাটির বিচারকাজে মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় ঘরের পাশের মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু আয়াত। পরে তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী তাকে অপহরণ করেন।তদন্তে আরও জানা যায়, অপহরণের পর শিশুটিকে কোথাও লুকিয়ে রাখার ব্যবস্থা করতে না পেরে শ্বাসরোধে হত্যা করেন আবীর। এরপর মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেইট এলাকার একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করে। পরদিন একই এলাকা থেকে তার খণ্ডিত মাথাও উদ্ধার করা হয়।শিশু আয়াত হত্যা মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার এ মামলার রায় ঘোষণা করলেন।