• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:০৮:২৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেফতার ৪

কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।১৮ মার্চ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুর ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।এর আগে গত রোববার রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল ইসলাম। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতিসহ আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।পুলিশ জানায়, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। হামলায় সাত থেকে আটজন অংশ নেয় এবং তাদের একটি নির্দিষ্ট এলাকা থেকে ভাড়া করে ঢাকায় আনা হয়েছিল।নিহত রাকিবুল ইসলামের বাড়ি ভোলা সদর উপজেলা। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী।রাকিবুল ইসলাম রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।