• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ রাত ১০:৪১:১৫ (15-Mar-2026)
  • - ৩৩° সে:
লাইলাতুল কদর মানবজাতির জন্য কল্যাণ নিয়ে আসে: প্রধানমন্ত্রী

লাইলাতুল কদর মানবজাতির জন্য কল্যাণ নিয়ে আসে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়েছেন।১৫ মার্চ রোববার বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, পবিত্র লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় রাত। এই রাত পবিত্র কুরআনুল কারিম রমজান মাসে অবতীর্ণ হওয়ায় আল্লাহ তাআলা এটিকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলেছেন। তিনি বলেন, লাইলাতুল কদর মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।তিনি আরও লিখেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ তৈরি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলীর মাস। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানান, এই রাতের তাৎপর্য অনুধাবন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত করা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করা হোক। তিনি শেষ করেন, মহান আল্লাহ আমাদের সকলের ওপর লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত বর্ষিত করুন এবং আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করুন।