• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৯:০৮ (13-May-2026)
  • - ৩৩° সে:
চিকিৎসাধীন কারিনা কায়সার, ধাপে ধাপে চলছে লিভার ট্রান্সপ্ল্যান্ট পরিকল্পনা

চিকিৎসাধীন কারিনা কায়সার, ধাপে ধাপে চলছে লিভার ট্রান্সপ্ল্যান্ট পরিকল্পনা

বিনোদন ডেস্ক: লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়ার পর শুরু হয়েছে নতুন চিকিৎসা-প্রক্রিয়া। তিনি বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথমে তার ফুসফুসের সমস্যার চিকিৎসা করা হবে, এরপর ধাপে ধাপে লিভার ট্রান্সপ্ল্যান্টের দিকে অগ্রসর হওয়া হবে।গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে কারিনাকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে নেয়া হয়। তার সঙ্গে রয়েছেন মা ও দুই ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।চিকিৎসা প্রসঙ্গে মঙ্গলবার কায়সার হামিদ বলেন, সেখানে চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেছেন। আগে ফুসফুসের সমস্যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নেয়া হবে। বর্তমানে তার প্রেশার নিয়ন্ত্রণে আছে, হার্ট ও কিডনিসহ অন্যান্য অঙ্গ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।তিনি আরও জানান, দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেয়া হয়েছিল এমন তথ্য চেন্নাইয়ের চিকিৎসকেরা তাদের জানিয়েছেন। বর্তমানে ধাপে ধাপে তার শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা চলছে এবং ফুসফুসে জমে থাকা পানি অপসারণের কাজ চলছে।কারিনার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন। কায়সার হামিদ বলেন, তার ছোট ছেলে সাদাত হামিদের সঙ্গে কারিনার রক্তের গ্রুপের মিল রয়েছে। তবে দুই ভাইয়েরই রক্ত পরীক্ষা করা হয়েছে।এর আগে রোববার কায়সার হামিদ জানিয়েছিলেন, মেয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে দ্রুত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় ভিসা–সংক্রান্ত বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হয় বলেও তিনি জানান। তাঁর ভাষায়, “আমাদের হাতে বেশি সময় ছিল না, দ্রুত ওকে বিদেশে নিতে হয়েছে।”পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় তাঁর লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের মধ্যে তাঁকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও তিনি কাজ শুরু করেন। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তরা তাঁর সুস্থতা কামনা করছেন।তথ্যসূত্র: চ্যানেল ২৪