• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৮:০০ (04-Feb-2026)
  • - ৩৩° সে:
লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।লিবিয়া থেকে আলজাজিরা আরবির সংবাদদাতা আহমেদ খলিফা জানান, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়। গত এক দশক ধরে তিনি ওই শহরেই অবস্থান করছিলেন।৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলাম গাদ্দাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওথমান। তবে হামলাকারী কারা এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় লিবিয়ার কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।সাইফ আল-ইসলাম গাদ্দাফি কখনো লিবিয়ার কোনো সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন না। তবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়কালে তাকে মুয়াম্মার গাদ্দাফির পর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো। ২০১১ সালে বিরোধীদের হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে।উল্লেখ্য, ২০১১ সালে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে জিনতানে আটক রাখা হয়। পরে ২০১৭ সালে তাকে মুক্তি দেওয়া হয়।