• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ১০:২২:০৪ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
ফিফা থেকে সুখবর পেলেন সেই সোমালিয়ান রেফারি

ফিফা থেকে সুখবর পেলেন সেই সোমালিয়ান রেফারি

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতার কারণে বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় উঠে আসেন সোমালিয়ার রেফারি ওমর আবদুল কাদির আরতান। বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে না পারায় বিষয়টি নিয়ে আয়োজকদের সমালোচনার মুখেও পড়তে হয়।তবে বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না পারলেও পুরো পারিশ্রমিকই পাচ্ছেন এই আফ্রিকান রেফারি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারলেও ফিফা তার প্রাপ্য সম্মানী পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।গত বছর আফ্রিকার বর্ষসেরা রেফারি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ৩৪ বছর বয়সী আরতান। সোমালিয়ার কোনো রেফারির জন্য এটি ছিল প্রথম এমন স্বীকৃতি।বিশ্বকাপ মিস করলেও আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যস্ততা থেমে নেই। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই ম্যাচে মুখোমুখি হবে প্যারিস সেন্ট-জার্মেইন ও অ্যাস্টন ভিলা।দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পাওয়ার পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরতান বলেন, ২০৩০ সালের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন।সাম্প্রতিক সময়ে আফ্রিকান ফুটবলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৫ সালের জুনে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দ্বিতীয় লেগে মামেলোদি সানডাউনস ও পিরামিডস এফসির মধ্যকার ম্যাচ পরিচালনা করেন আরতান।এর আগে ফিফা তাকে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও দায়িত্ব দেয়। সেখানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ মোট তিনটি ম্যাচ পরিচালনা করেন তিনি। পাশাপাশি আফ্রিকা কাপ অব নেশনসের একাধিক ম্যাচেও দায়িত্ব পালন করেছেন এই সোমালিয়ান রেফারি।বিশ্বকাপে উপস্থিত থাকতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলে তার ধারাবাহিক সাফল্য ও স্বীকৃতি ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।