• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:১৭:৫৯ (11-Jun-2026)
  • - ৩৩° সে:
সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন, তদন্ত শুরু

সচিবালয়ে প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন, তদন্ত শুরু

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনায় প্রশাসনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঈদুল আজহার ছুটির পর অফিস খোলার দিন সংযোগ সমস্যাটি ধরা পড়ে। পরে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় সংযোগ পুনরুদ্ধার করে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত সোমবার সকালে প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয় পরিদর্শনের সময় দেখা যায়, রেড টেলিফোনে কোনো সংযোগ নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিটিসিএল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে তদন্ত শুরু হয়।বিটিসিএলের কর্মকর্তারা জানান, সকাল ৮টার দিকে অভিযোগ পাওয়ার পর তারা টেলিফোন লাইন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বেলা ৩টার দিকে সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।বিটিসিএল সূত্রে জানা গেছে, সচিবালয়ের পুরোনো ২ নম্বর ভবন থেকে নতুন ১ নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত কিছু কপার ক্যাবল বিচ্ছিন্ন ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। কোথাও কোথাও তার কাটা ছিল, আবার কিছু স্থানে তার অনুপস্থিত ছিল। এর ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিটিসিএল। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রীর রেড টেলিফোন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার অংশ হওয়ায় এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরাপত্তা শাখার কর্মকর্তারা বিষয়টিকে অস্বাভাবিক উল্লেখ করে প্রয়োজনীয় তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন।এদিকে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক কর্মকর্তা। তাদের দাবি, দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে সচিবালয়ে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং অবকাঠামোগত সুরক্ষা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।ঘটনার বিষয়ে তদন্ত চলমান থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।সূত্র: আমার দেশ