পাবনায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত, জামায়াতের বিক্ষোভ
পাবনা প্রতিনিধি: পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরা করে অবস্থান কর্মসুচি পালন করেন তারা।৮ ফেব্রুয়ারি রোববার দুপুর সাড়ে ১১টার দিকে পাবনা শহীদ চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এসময় নানা ধরনের স্লোগানে স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অনন্ত মোড়ে গিয়ে শেষ হয়।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, পাবনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।বক্তারা বলেন, বিএনপির সন্ত্রাসীরা জনগণের সাড়া না পেয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা করছে। এদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ। অতিদ্রুত যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।