আলোচনার জন্য আবারও পাকিস্তান যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর বিবিসির।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তাঁর প্রতিনিধিরা সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই প্রতিনিধিদলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও রয়েছেন। তাঁরা আগের দফার আলোচনাতেও উপস্থিত ছিলেন।যদিও তেহরান এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকা অবস্থায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নেবে না।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘এ মুহূর্তে…পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।’এর আগে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনা প্রায় ২১ ঘণ্টা ধরে চলে। তবে কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো যায়নি। পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের অবস্থান তখনো অনেক দূরে ছিল।