সাইকেলে চড়ে ভোট চাইছেন গাইবান্ধার আজিজার
গাইবান্ধা প্রতিনিধি: ভোট এলেই মিছিল, মিটিং, সমাবেশ, মাইকিং আর ব্যানার-ফেস্টুনে মুখর হয়ে ওঠে নির্বাচনী এলাকা। তবে এই চেনা দৃশ্যের বাইরে গিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী প্রচারণায় নজর কাড়ছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি। কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার কিংবা বিশাল কর্মীবাহিনী ছাড়াই একটি সাইকেল ও হ্যান্ড মাইক নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে ভোট চাইছেন তিনি।পেশায় শিক্ষক আজিজার রহমান বিএসসি দীর্ঘদিন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে বিএসসি বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ঘেগারহাট বাজারসংলগ্ন খোদা বকস গ্রামের বাসিন্দা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢেঁকি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইকেলের প্যাডেলে পা রেখে, এক হাতে হ্যান্ডেল আর অন্য হাতে হ্যান্ড মাইক নিয়ে তিনি ছুটে চলছেন এক এলাকা থেকে আরেক এলাকায়। যেখানে মানুষের জটলা দেখছেন, সেখানেই থেমে নিজের পরিচয় দিচ্ছেন, বক্তব্য রাখছেন এবং ভোট প্রার্থনা করছেন।এ বিষয়ে আজিজার রহমান বিএসসি বলেন, ‘আমার টাকা-পয়সা নেই, কর্মীও নেই। তাই নিজেই সাইকেল চালিয়ে প্রচারণা চালাচ্ছি। এতে সাধারণ মানুষের দোরগোড়ায় সরাসরি পৌঁছাতে পারছি। মানুষের কাছ থেকে সাড়া ও ভালোবাসা পাচ্ছি এটাই আমার শক্তি।’তিনি আরও বলেন, এই প্রচারণা পদ্ধতিতে অন্য প্রার্থীদের তুলনায় অনেক বেশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার স্বপ্ন দেখছেন তিনি।সাধারণ ভোটারদের ভাষ্য, আজিজার রহমানের মতো ব্যতিক্রমী প্রার্থী তারা আগে দেখেননি। একজন প্রার্থী একাই নিজের প্রচারণা চালাচ্ছেন, তাও কোনো ব্যানার-ফেস্টুন বা পোস্টার ছাড়া এ বিষয়টি অনেককেই বিস্মিত করেছে, আবার অনুপ্রাণিতও করেছে।উল্লেখ্য, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে এবারের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন।